অনলাইন ডেস্কঃ

নওগাঁর ধামইরহাটে মাদরাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক (২৬) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার দারুল উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মমিনুল হক ওই মাদরাসার ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পত্নীতলা উপজেলার বরইল গ্রামের ফারুক হোসেনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে ধর্মীয় শিক্ষক মমিনুল হক মাদরাসার সব শিক্ষার্থীকে এশার নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে পাঠিয়ে দেন। পরে প্রয়োজনীয় কথা আছে জানিয়ে ১০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ডেকে একটি কক্ষে নিয়ে যান। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে মাদরাসা থেকে গ্রেফতার করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ওই শিক্ষার্থীর বাবা-মা ঢাকায় কাজ করেন। সে বাবা-মাকে ছাড়ায় ওই মাদরাসায় থেকে পড়াশোনা করতো। বলাৎকারের বিষয়টি সে তার বাবা-মাকে জানালে তারা মাদরাসার সভাপতিকে জানায়। বিষয়টি জেনে ওই মাদরাসার সভাপতি নূর নবি থানায় বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠানো হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *